রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিএনপি থেকে মেয়র পদে প্রার্থী হতে এখন পর্যন্ত সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে প্রচারণায় নেমেছেন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল হক।
উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে জোর তদবির চালাচ্ছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী ওরফে পলিন, যুগ্ম আহ্বায়ক শান্তু চৌধুরী ও বদরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র উত্তম কুমার সাহা। হাসান তবিকুর চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল কালাম আহসানুল হক চৌধুরীর চাচাতো ভাই। শান্তু চৌধুরীও সাংসদের চাচাতো ভাই।
এ অবস্থায় মেয়র পদে মনোনয়ন দিতে কিছুটা সমস্যায় পড়েছে উপজেলা আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেতে পারেন উত্তম কুমার সাহা।
জানতে চাইলে হাসান তবিকুর চৌধুরী বলেন, ‘বারবার একজনই (বর্তমান মেয়র) দলের সমর্থন পাবেন কেন? দলীয় মনোনয়ন পেতে আমি আবেদন করেছি। আশা করছি, দল আমাকে নিরাশ করবে না।’ শান্তু চৌধুরী বলেন, ‘নেতা-কর্মীরা আমার সঙ্গে আছে। তারা সবাই আমাকে মেয়র হিসেবে দেখতে চায়।’
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে উত্তম কুমার সাহা বলেন, ‘আমি টানা তিনবার দলের সমর্থনে পৌর মেয়র নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। সাধারণ ভোটারদের নিকট আমার গ্রহণযোগ্যতা রয়েছে। দলেও আমার অবদান রয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন আজিজুল হক। তাঁর ভাষ্য, ‘বিগত পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। এবার নির্বাচন করার লক্ষ্যে ভোটারদের কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি।’
আওয়ামী লীগে কোন্দল থাকলেও বিএনপিতে নেই—এমন মন্তব্য করে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, ‘এই সরকারের জুলুম নির্যাতন, গ্রেপ্তারে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অতিষ্ঠ। তারা দেশকে একনায়কতন্ত্রে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।’
পরিতোষ চক্রবর্তী আরও বলেন, পৌর নির্বাচন দলীয় প্রতীকে করায় আওয়ামী লীগের প্রার্থীকে সহজেই ভোটাররা চিহ্নিত করে ভোট প্রদান থেকে বিরত থাকবেন।
বদরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। তখন থেকে প্রশাসক ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের নেতা উত্তম কুমার সাহা। গত পৌর নির্বাচনে ভোটারদের কাছে শেষবারের মতো ভোট চেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।