বিএনপির ১০ নেতা-কর্মী হত্যা মামলার আসামি
কুমিল্লার লাকসামে র্যাবের অভিযানে আটক এক ব্যাংক কর্মকর্তাসহ বিএনপির ১০ নেতা-কর্মীকে রিকশাচালক বাবুল মিয়া হত্যা মামলায় আসামি করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক বাবুল মিয়া। অবরোধকারীদের হামলায় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ১০ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিনই ৮৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে।
ঘটনার পরদিন রাতে র্যাব-১১-এর একটি বিশেষ দল লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে এবং পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তারা এক্সিম ব্যাংকের লাকসাম শাখার ব্যবস্থাপক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম বাচ্চু, আলাউদ্দিন, জসিম উদ্দিন, হাজি লিটনসহ ১০ জনকে আটক করে। পরে তাঁদের লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
লাকসাম থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ওই ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।