বিএনপির ১০ নেতা-কর্মীকে সাজা, প্রতিবাদে হরতাল
হরতালে সমাবেশ ও জনচলাচলে বাধা দেওয়ার অভিযোগে খুলনার কয়রা উপজেলায় বিএনপির ১০ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হাসান এ সাজা দেন।
এর প্রতিবাদে উপজেলা বিএনপি আগামীকাল বৃহস্পতিবার কয়রায় আধাবেলা হরতাল ডেকেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সারা দেশে ১৮-দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের শেষ দিন বিএনপির কর্মীরা কয়রা-খুলনা সড়কের চাঁদ আলী সেতু এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে পিকেটিং করছিলেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার বাগালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা সোলায়মান কবির, বিএনপির কর্মী আল আমীন, টুটুল, কবির হোসেন, ইমরান হোসেন, শাহাদাত্, আবদুল্লাহ, আমিরুল ও আবু মুসা। এর মধ্যে রফিকুল ইসলামকে সর্বোচ্চ ছয় মাস ও অন্যদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে কয়রা উপজেলা বিএনপি বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে কয়রায়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হাসান বলেন, হরতাল হলেই কয়রার চাঁদ আলী সেতুর কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আজ ভোরে খবর পেয়ে কয়রা থানার পরিদর্শক (তদন্ত) সুবীর দত্তকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে পিকেটিং করার সময় ১০ জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে।
কয়রা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হবে।