বিএনপির ১৩ নেতা-কর্মী কারাগারে
জয়পুরহাটের ক্ষেতলাল থানা বিএনপির সহসভাপতি ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ দলের ১৩ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় সাংসদ গোলাম মোস্তফার প্রাইভেট কার পোড়ানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলার ওই আসামিরা গতকাল মঙ্গলবার জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আবেদনটি নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা থেকে জানা গেছে, গত ১৯ অক্টোবর ১৮-দলীয় জোটের সংগ্রাম কমিটি গঠন করার উদ্দেশ্যে ক্ষেতলাল উপজেলা সদরে বিএনপি কার্যালয়ে সভা করার জন্য উপস্থিত হন আসামিরা। পরে তাঁরা কার্যালয়ের সামনে রাখা ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং সাংসদের প্রাইভেটকার পেট্রল ঢেলে পুড়িয়ে দেন। এ ঘটনায় সাংসদের ব্যক্তিগত সহকারী (পিএ) হারুন অর রশীদ দ্রুত বিচার আইনে ক্ষেতলাল থানায় বিএনপির ১৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। ২২ অক্টোবর মামলার তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।