বিএনপির ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগের শুনানি নভেম্বরে
পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৬ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।
আজ রোববার এ মামলায় অভিযোগ গঠন বিষয়ক শুনানির দিন ধার্য ছিল। তবে এ মামলায় আটক রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
এ দুজনের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য সময় চেয়ে আবেদন জানান। আবেদনে বলা হয়, রিজভী ও আমানকে আদালতে হাজির করা হয়নি। আইনানুযায়ী তাঁদের উপস্থিতিতে শুনানি হওয়ার বিধান। তাই শুনানি মুলতবি করে পরবর্তী তারিখ ধার্য করা প্রয়োজন।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ১২ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ২৩ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুকসহ ১৩০ জনের বিরুদ্ধে এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।