বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেছেন দলীয় সাংসদের অনুসারী জাহিদুল ইসলাম। বুধবার বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালত-১-এ মামলাটি হয়।মামলায় উপজেলা বিএনপির নেতা শাহ এম এ জলিল, যুবদলের নেতা আবদুর রাজ্জাক, লুৎফর রহমান, রবিউল করিম, ছাত্রদলের নেতা আরমান হোসেনসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। তাঁরা সবাই উপজেলা চেয়ারম্যানের অনুসারী হিসেবে পরিচিত।মামলার আরজিতে উল্লেখ করা হয়, টিআরের আওতায় উপজেলার লস্করপুর সামাজিক কবরস্থান প্রকল্পের জন্য সাংসদ ৫০ হাজার টাকার একটি প্রকল্প বরাদ্দ দেন। জাহিদুল ইসলাম ওই প্রকল্পের সভাপতি। তাঁর কাছে অভিযুক্ত ব্যক্তিরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ২৮ জুন জাহিদুল ব্যাংক থেকে প্রকল্পের টাকা তুলে বের হলে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্রের মুখে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।বিএনপি নেতা শাহ এম এ জলিল বলেন, ‘সাংসদ দলীয় কোনো কর্মকাণ্ডে থাকেন না। এ ঘটনার প্রতিবাদ করাতেই তিনি তাঁর অনুসারীদের দিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছেন।’ সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ‘শিবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয় আছি। বর্তমানে টেলিভিশন ও পত্রিকা খুললেই এর প্রমাণ পাওয়া যাবে।’