বিএনপির ১৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৫ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় দ্রুতবিচার আইনে দায়ের করা একটি মামলায় বিএনপিসহ ২০-দলীয় জোটের ১৪৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ তারিখ ধার্য করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীসহ অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ৭৮ জন আদালতে হাজির ছিলেন। বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকসহ বাকি আসামিদের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
গত বছর ১১ মার্চ বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দ্রুতবিচার আইনে বিএনপি-জোটের ১৫৪ জনকে আসামি করে মামলাটি করা হয়। গত বছরের ২৪ মার্চ ১৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৫ আগস্ট এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।