বিএনপির ১৪৮ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে করা বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল রোববার এ মামলায় ওই শুনানির দিন ধার্য ছিল।
আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩০ এপ্রিল শুনানির নতুন তারিখ ধার্য করেন। মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই তারিখ ধার্য করেন।
একই আদালতে রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক চারটি মামলার শুনানির দিন ধার্য ছিল। এদিন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, বরকত উল্লা বুলু, মোয়াজ্জেম হোসেন, সুলতান সালাউদ্দিন ও জাগপার সভাপতি শফিউল আলম প্রধান আদালতে হাজির হন।
গত বছরের ৬ মার্চ বিএনপির কার্যালয়ে পুলিশকে মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার পুলিশের উপপরিদর্শক বাদী হয়ে একটি মামলা করেন। ওই বছরের ২৪ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ ১৮-দলীয় জোটের ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পল্টন মডেল থানার পুলিশ। অন্য মামলাগুলোও অনুরূপ অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা।
এদিকে গাড়িতে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে করা দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়।