বিএনপির ১৫ নেতা কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও অবরোধে গাড়ি পোড়ানোর মামলার অভিযোগপত্রভুক্ত ১৫ জন আসামি গত মঙ্গলবার বরিশাল জেলা বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতা-কর্মী।
মামলার এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি বিএনপির ডাকা হরতাল ও অবরোধ চলাকালে আগৈলঝাড়া ডিগ্রি কলেজের ফটকে পার্কিং করা অবস্থায় বিআরটিসি পরিবহনের বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই বছরের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে বাইপাস সড়কের কুয়াতিয়াপাড় এলাকায় একটি ফলবাহী মিনিট্রাকে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ওই দুটি ঘটনায় পুলিশ আগৈলঝাড়া থানায় দুটি মামলা করে। মঙ্গলবার বরিশাল জেলা বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিকের আদালতে ওই মামলার ১৫ জন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে সরকারি কৌঁসুলি ছিলেন জাহাঙ্গীর হোসেন। আসামি পক্ষে জামিনের আবেদন করেন নাজিম উদ্দিন ও জাহিদুল ইসলাম।