বিএনপির ১৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, গ্রেপ্তার আরও ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় গতকাল মঙ্গলবার ১৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন যুবদলের নেতা নেয়ামত উল্লাহ, এমাজ উদ্দিন ও ছাত্রদলের কর্মী জাকারিয়া মাহমুদ। তাঁদেরও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, সশস্ত্র অবস্থায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ১৬ নেতা-কর্মীকে গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মুর্শেদ জামান জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে হাকিম রিমান্ডের আবেদন নামঞ্জুর করে ১৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি এসএসসি পরীক্ষার্থী মিনহাজের জামিন মঞ্জুর করেন। এ মামলায় কারাবন্দী নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি আমীরুজ্জামান ও হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম। জনমনে ত্রাস সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, শক্তির মহড়া ও রাস্তায় অবরোধ সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে করা আরেকটি মামলায় আসামিদের প্রথম শ্রেণীর বিচারিক হাকিম সোহাগ রঞ্জন পালের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এমরান হাসান জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে হাকিম রিমান্ড নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।