বিএনপির ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
ভোলার চরফ্যাশনে বৃহস্পতিবার আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৬০ জন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় বিএনপির ১৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ওই দিন রাত সোয়া ১১টায় চরফ্যাশন থানায় মামলা হয়েছে। আবদুল মালেক হাওলাদার বাদী হয়ে এ মামলা করেছেন। সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করে গতকাল শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে।জানা গেছে, বৃহস্পতিবার চরফ্যাশনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমের গণসংবর্ধনার আয়োজন করা হয়। এ অনুষ্ঠান বানচাল করার লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একই স্থানে সভা ডাকাকে কেন্দ্র করে সংঘাতের সূচনা হয়। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, বিএনপি কোনো মামলা দিতে আসেনি এবং মামলা দেবে কি না, তাও জানায়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া ও জেলা বিএনপির সহসভাপতি, চরফ্যাশন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সদর রোডে নাজিম উদ্দিন আলমের সংবর্ধনা সভা বানচাল করেছেন। সেখানে মিছিলে হামলা করে আমাদের শতাধিক নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আমাদের নেতাদের বাড়িতে হামলা করে আসবাব ভাঙচুর ও মা-বোনদের গায়ে হাত তুলেছে। উল্টো আমাদের আসামি করে মামলা করা হলো। এ জন্য আমরা নাজিম উদ্দিন আলমের বাসায় বিকেলে প্রতিবাদ সভা করেছি। তবে থানায় এজাহার জমা দিলেও তা পরে মামলা হিসেবে নেওয়া হয়নি, এ জন্য আমরা মামলা দিতে যাই না।’চরফ্যাশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আখন্দ বলেন, ‘বিএনপি গত বৃহস্পতিবার হামলা চালিয়ে আমাদের ২৫ জনকে আহত করেছে। এ জন্য আমরা আসামিদের ধরতে দলীয় কার্যালয়ে বিকেলে প্রতিবাদ সভা করেছি।’