বিএনপির ১৭ কাউন্সিলরের ১৩ জনই হেরেছেন
সিটি নির্বাচনে ৪১টি ওয়ার্ডে বিএনপি-সমর্থিত বর্তমান ১৯ জন কাউন্সিলরের মধ্যে দুজন এবার নির্বাচনে প্রার্থী হননি। বাকি ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরেছেন ১৩ জন। হেরেছেন জামায়াত-সমর্থিত দুই কাউন্সিলরও।
অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত ২০ কাউন্সিলরের মধ্যে ৯ জন পুনর্নির্বাচিত হয়েছেন। হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে এমন পাঁচজন রয়েছেন, যাঁদের কেউ টানা তিনবার, কেউবা চারবার কাউন্সিলর ছিলেন।
নির্বাচনে কেন্দ্র দখল ও জাল ভোটের ঘটনাই পরাজয়ের অন্যতম কারণ মনে করছেন হেরে যাওয়া প্রার্থীদের কেউ কেউ। তবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান মনে করেন, দায়িত্ব পালনের সময় কাজের রেকর্ড ভালো না থাকাও পরাজয়ের গুরুত্বপূর্ণ কারণ। তবে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে প্রার্থীরা যে আশঙ্কা করছেন, তা-ও সত্য হতে পারে।’
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের গতবারের কাউন্সিলর ও জামায়াত-সমর্থিত পরাজিত প্রার্থী শামসুজ্জামান হেলালী বলেন, ‘সকাল আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে। এরপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। আমার এজেন্টদের বের করে দিয়েছে।’
চান্দগাঁও ওয়ার্ডের গতবারের কাউন্সিলর ও এবারের প্রার্থী মো. মাহবুবুল আলম জানান, তাঁর ওয়ার্ডের অন্তত ১৫টি কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে।
২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের টানা চারবারের কাউন্সিলর আবদুল মালেক বলেন, ‘আমার জীবনে এ ধরনের নির্বাচন দেখিনি। কেন্দ্র দখল করে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’
২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিজয় কুমার চৌধুরী বলেন, ‘লিখে আর কী হবে! ব্যালট পেপার দেখলে সব বোঝা যাবে। এর বেশি কিছু বলতে চাই না।’
টানা তিন বা এর বেশিবার জয়ী কাউন্সিলররা: টানা বিজয়ী হওয়া কাউন্সিলরদের মধ্যে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাইয়েদ গোলাম হায়দার পঞ্চমবারের মতো জয়লাভ করেছেন। তিনি সিটি করপোরেশনের পাঁচটি নির্বাচনের সবকটিতেই জয়ী হয়েছেন। ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের মো. গিয়াসউদ্দিন নির্বাচনী লড়াইয়ে টানা চতুর্থবারের মতো সাফল্য অর্জন করেছেন।
এবারের নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগ-সমর্থিত তিন কাউন্সিলর পদপ্রার্থী। তাঁরা হলেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের এ এফ কবির আহমদ মানিক, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের জহর লাল হাজারী।
বিএনপির পুনর্নির্বাচিত হওয়া কাউন্সিলররা হলেন ৫ নম্বর মোহরা ওয়ার্ডের মোহাম্মদ আজম, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের এ কে এম জাফরুল ইসলাম, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ইয়াছিন চৌধুরী ও ৩৪ নম্বর পাথরঘাটার মোহাম্মদ ইসমাইল, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে আবুল হাশেম।