বিএনপির ১৭টি সাংগঠনিক কমিটি ভাঙার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর গঠন করা সিলেট জেলায় বিএনপির ১৭টি সাংগঠনিক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
জেলার ১৭টি সাংগঠনিক কমিটি বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বেই গঠিত হয়েছিল। এসব কমিটি গঠনের পর ২০০৯ সালের ২৫ নভেম্বর জেলা সম্মেলন হয়। কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক পদের পাশাপাশি তিনি জেলা সভাপতি পদেও নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলের মাধ্যমে।
নতুন নেতৃত্ব নিয়ে দলকে ঢেলে সাজানোর সাংগঠনিক তৎপরতার মধ্যে ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী।
দলীয় সূত্র জানায়, ইলিয়াসবিহীন বিএনপিকে চাঙা করতে পাঁচ বছরের মাথায় ১৫ এপ্রিল কেন্দ্রের নির্দেশে জেলা কমিটি ভেঙে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়।
দলের প্রবীণ নেতা এম নুরুল হককে আহ্বায়ক করে গঠিত ওই কমিটি গতকাল প্রথম সভায় মিলিত হয়। নগরের একটি কমিউনিটি সেন্টারে বেলা তিনটায় সভা শুরু হয়।
সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা ছাড়াও জেলার ১৭ সাংগঠনিক কমিটির নেতারা অংশ নেন। আহ্বায়ক এম নুরুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ওই সভা হয়। এতে সাংগঠনিক কমিটির নেতারা দলকে সুসংগঠিত করতে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পক্ষে মত দেন। এ পরিপ্রেক্ষিতে ১৭ সাংগঠনিক কমিটি ভেঙে ফেলার সিদ্ধান্তের মধ্য দিয়ে সভা শেষ হয়।
সভা শেষে সন্ধ্যার পর যোগাযোগ করলে সভার সঞ্চালক এমরান আহমদ চৌধুরী প্রথম আলোকে জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, জেলার আহ্বায়ক কমিটি ৪৫ দিনের মধ্যে জেলা সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে। ১৭টি সাংগঠনিক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে এ প্রস্তুতি চূড়ান্ত করা হবে।