বিএনপির ১৯ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীতে হরতাল চলাকালে ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে বিএনপির ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন এই মামলা করেন।মামলার আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় পর্ষদের শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি মো. পান্না, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এরফান, নরসিংদী শহর জাসাসের সভাপতি আ. মান্নান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তমিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ, সাবেক যুগ্ম সম্পাদক শাহরিয়ার শামস, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) খবিরুল ইসলাম, ছাত্রদল নেতা মো. রনি, বিএনপির সমর্থক তোফাজ্জল হোসেন, এম এ সালাম পাঠান, আসাবুল্লাহ, আ. মান্নান, জাহেদুল ইসলাম ও জিয়াউর রহমান। তাঁদের মধ্যে এম এ সালাম পাঠান, আসাবুল্লাহ, জাহেদুল ইসলাম, বাবুল সরকার, জিয়াউর রহমান ও বিএনপির সমর্থক আ. মান্নানকে পুলিশ গ্রেপ্তার করেছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হরতালে বিএনপির সমর্থকেরা ব্যাপক ভাঙচুর ও সাধারণ মানুষের নিরাপত্তায় ব্যাঘাত ঘটিয়েছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করছিলাম। পুলিশই শান্তিপূর্ণ পরিবেশে আঘাত হানে। আমাকেসহ দলের নেতা-কর্মীদের লাঠিপেটা করে। আজ তারাই আবার আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এটা গণতান্ত্রিক দেশে স্বৈরতান্ত্রিক আচরণ ছাড়া আর কিছুই নয়।’উল্লেখ্য, নরসিংদীতে হরতালের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে খায়রুল কবির, পুলিশের চার সদস্য ও এক সাংবাদিকসহ কমপক্ষে ৩৫ জন আহত হন।