হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতাউর রহমানের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত রিকশা ভাঙচুর ও তাতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযোগপত্রটি জমা দেয়।
এ ছাড়া তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩০ আসামিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার নারানপুর গ্রামের কাজল মিয়া, মুর্শেদ আলম, হবিগঞ্জ পৌর এলাকার জসিম মিয়া, শায়েস্তানগরের গোলাম মাহবুব, জি কে ঝলক ও গোলাম ফারুক, সফিকুর রহমান, পুরান মুন্সেফী আবাসিক এলাকার মিনহাজ উদ্দিন, উত্তর শ্যামলী এলাকার আমজাদ হোসেন মনি ও জনি, আকলু চৌধুরী, পুরান মুন্সেফী এলাকার রুমেল মিয়া, সুলতান মামদপুর এলাকার মহসিন সিকদার, অনন্তপুর আবাসিক এলাকার গুলজার খান, রবিউল ইসলাম, মাহমুদাবাদের আবদুল কাইয়ূম, শায়েস্তানগর আবাসিক এলাকার শারফিন চৌধুরী, সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের শাহেদ আহমেদ ও পাইকপাড়ার সালাউদ্দিন হেলাল। শেষের দুজন বর্তমানে কারাগারে আছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান গতকাল এ অভিযোগপত্র হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে দাখিল করেন।