বিএনপির ২০ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মহাজোট-সমর্থিত পৌর মেয়র পদপ্রার্থীর সমর্থক এক নারী বাদী হয়ে তাঁকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে এ মামলা করেন। পুলিশ এরই মধ্যে ইউনুস উদ্দিন ও মিষ্টু মিয়া নামে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। আসামিদের মধ্যে ১৩ জনের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সাতজনকে।অভিযুক্ত ব্যক্তিরা হলেন কুলিয়ারচর পৌর যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন মিয়া, কৃষক দল পৌর কমিটির সভাপতি আনু মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম রসুল, বিএনপির-সমর্থক জীবন মিয়া, শাহাদাৎ আলী, মিষ্টু মিয়া, ইউনুস মিয়া, মোহাম্মদ আলী, কবির মিয়া, শেখর মিয়া, বাবু মিয়া ও দুদু মিয়া।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই নারী গত বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের তাঁতারকান্দি এলাকায় মামলার বাদী কয়েকজন নারীকে সংগঠিত করে মহাজোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবুল হাসান কাজলের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে আসামিরা একযোগে এসে তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাঁর শ্লীলতাহানি করা হয়।মামলার বাদী ওই নারী সাংবাদিকদের বলেন, ‘শারীরিক নির্যাতন এবং শ্লীলতাহানি করে বিএনপির সমর্থকেরা আমাদের আতঙ্কের মধ্যে রেখেছে।’এদিকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ওই মামলা করেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা প্রথম আলোকে বলেন, অভিযোগে সত্যতা পাওয়ায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।