বিএনপির ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ক্ষমতা আইনে পল্টন থানায় করা মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। আগামী ২৭ জানুয়ারি পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কি গেল না—এমন তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে করা বিশেষ ক্ষমতার এই মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আজ আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য নেতাদের মধ্যে আছেন শিমুল বিশ্বাস, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

এই মামলায় মোট ৩০ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে একজন হাবিবুন্নবী খান সোহেল কারাগারে আছেন। পলাতক আছেন সাত আসামি।