বিএনপির ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে যুবলীগের নেতা নূর নবীকে (২৩) হত্যার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মীসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত নূর নবীর মামা সুখ মিয়া গত শনিবার রাতে সোনাইমুড়ী থানায় ওই মামলা করেন।মামলার পরই পুলিশ এজাহারভুক্ত আসামি মো. তারেককে (১৪) গ্রেপ্তার করে। তারেক স্থানীয় সোনাপুর আলী আকবর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও ছাত্রদলের সমর্থক। থানা সূত্রে জানা গেছে, মামলায় আসামি হিসেবে উপজেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ও তৌহিদুল ইসলাম এবং সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউছুফসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে উপজেলার সোনাপুর গ্রামের সুখ মিয়ার বাড়ি থেকে পুলিশ সোনাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবীর লাশ উদ্ধার করে। তিনি উপজেলার মীরআলীপুর গ্রামের শরীফ উল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনাপুর গ্রামে নানার বাড়িতে বাস করে আসছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে ২০-২৫ জন কালো পোশাকধারী সন্ত্রাসী সুখ মিয়াদের বাড়িতে এসে নূর নবীর খোঁজ করে। এ সময় নূর নবী স্থানীয় বাজারে গিয়েছিলেন। তাঁকে না পেয়ে সন্ত্রাসীরা ফিরে যায়। পরদিন সকালে নূর নবীর আত্মীয়স্বজন উপজেলার সোনাপুর গ্রামের তিতাগাজী পাটোয়ারী বাড়ির একটি ঘরের পেছনে গাছের সঙ্গে গলা ও দুই হাত বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পায়। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউছুফসহ ২০-২৫ জন নূর নবীকে হত্যা করেছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নূর নবী হত্যা মামলার আসামি মো. সেলিম বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল বলেন, ‘অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’