বিএনপির ৩০০ জনের নামে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতার নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে কোতোয়ালি থানায় পুলিশ এ মামলা করে।
থানা-পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শহরের শালবনের আড়িরাং কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির আয়োজনে ইফতার অনুষ্ঠান ছিল। ইফতারের ঠিক আগে সন্ধ্যায় বিএনপির একটি অংশের নেতৃত্বে কর্মীরা কমিউনিটি সেন্টারের দিকে যাওয়ার চেষ্টা করলে দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ৪১টি শেল ও রাবার বুলেট ছুড়ে। এতে একজন পুলিশ কনস্টেবল আহত হন।
পুলিশ আহত হওয়ার ঘটনায় কোতোয়ালি থানার এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতার নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শহরের পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে কাঁদানে গ্যাসের ৪১টি শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।