বিএনপির নেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’-এর প্রতিবাদে খুলনায় গত বৃহস্পতিবার দলের মিছিলের সময় গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ। খুলনা সদর থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) জিলহজ উদ্দিন। মামলার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২০ নেতা-কর্মীকে আটক করেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে জানান, পুলিশের কাজে বাধা ও আটটি গাড়ি ভাঙচুরের অভিযোগে ওই মামলা করা হয়েছে। এতে বিএনপির খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুবদলের সভাপতি শফিকুল আলম, ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামানসহ ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। তারিকুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।এদিকে, বৃহস্পতিবার রাতভর নগরের পাঁচটি থানা এলাকায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা রুবায়েত হোসেন, রেজাউল করিম, বেলাল, সাবু, আবদুল হালিম, ইউসুফ আলী শিকদার, শেখ ফারুক হোসেন, আবদুর রউফ, হাশেম, সোহাগ, আব্বাস আলী, জাহাঙ্গীর, শাহিন ও আসিফ এবং জামায়াত-শিবিরের মুর্শিদ আলম, সোহরাব হোসেন, হাসিফুর রহমান, আফতাব উদ্দিন, নাজমুল হাসান ও মোশাররফকে আটক করা হয়। এ ছাড়া বিএনপি-জামায়াত, যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালায় বলে নগর বিএনপির নেতা-কর্মীরা দাবি করেছেন।পুলিশের গ্রেপ্তার অভিযানের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান পৃথক বিবৃতি দিয়েছেন। তাঁরা অবিলম্বে আটক হওয়া ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।