বিএনপির ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপিরই ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম মাহবুব আলম চৌধুরী বাদী হয়ে গতকাল সোমবার সকালে এই মামলা করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এজাহারে বিএনপির ৫০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়। তাঁদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি নাদিম মোস্তফা গতকাল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘পুলিশের সহায়তায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। উল্টো বিএনপির নেতা-কর্মীদের আসামি করে পুলিশ মামলা করেছে। এতে পুলিশের অবস্থান আরও পরিষ্কার হয়ে উঠেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র ধরা পড়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির ব্যবহার করা মাইক্রোবাসসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। এর দায়ও বিএনপির নেতা-কর্মীদের ওপর চাপানো হয়েছে। আমাদের নেতা-কর্মীরা কোনো ভাঙচুর করেননি।’নাদিম মোস্তফা আরও বলেন, ‘১৪৪ ধারা ভঙ্গের অভিযোগও ঠিক নয়। কারণ ১৪৪ ধারা জারি করা হয় শিবপুর ইক্ষু ক্রয়কেন্দ্র এলাকায়। আর আমাদের অনুষ্ঠান করা হয়েছে অন্য জায়গায়, শিবপুর মজসিদের পাশে।’বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান গত রোববার সন্ধ্যায় শিবপুর মসজিদের পাশে হয়। অনুষ্ঠান শেষে বিএনপির নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় ওই হামলা হয়। অভিযোগ রয়েছে, পুলিশের সহায়তায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই মামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা প্রতিরোধের চেষ্টা করেন। এতে চার পুলিশ সদস্য ও বিএনপির ১৪ জন নেতা-কর্মী আহত হন। এ সময় একটি মাইক্রোবাস ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ৬১টি মোটরসাইকেল জব্দ করে।ঘটনার পরপর পুলিশ সেখান থেকে বিএনপির ২৪ জন নেতা-কর্মীকে আটক করে। রাতে আরও একজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম জানান, গ্রেপ্তার করা ২৫ জনকে গতকাল সকালে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে গতকাল দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা আওয়ামী লীগের নেতা-কর্মী ছিলেন না। তাঁরা বাজারের স্থানীয় জনতা।আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এস এম রোকন উদ্দিন গতকাল জানান, পুলিশ কোনো পক্ষপাতিত্ব করেনি। পুলিশ শটগান থেকে বেশ কয়েকটি গুলি ছুড়ে দুই পক্ষের নেতা-কর্মীদের নিবৃত্তের চেষ্টা না করলে পরিস্থিত ভয়াবহ হতে পারত।