বিএনপির ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের (স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে) গাড়িবহরে হামলা ও বেলকুচি উপজেলার আওয়ামী লীগ নেতা আবদুল কুদ্দুস হত্যা মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন।
আসামিরা হলেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক মণ্ডল, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বিএনপি নেতা আবদুস সাত্তার, সাইফুল ইসলাম, কেরামত আলী, বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ মোট ৩১ জনের নামে অভিযোগ গঠন করা হয়।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৫ মে বেলকুচি উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে ওই সম্মেলনে যাচ্ছিলেন। তাঁর গাড়িবহরটি সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মুকুন্দগাতী এলাকায় পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় আওয়ামী লীগের নেতা আবদুল কুদ্দুস নিহত হন। এ ঘটনায় বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে বিএনপির ৩৬ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আলম ও আসামিপক্ষের আইনজীবী রফিক সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুটি মামলায় থানা-পুলিশ তদন্ত শেষে ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়েছে।