বিএনপির ৩৪ নেতা ও কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতা-কর্মী হত্যা মামলায় বিএনপির ৩৪ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক সুকুমার মোহন্ত বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাটে তৎকালীন সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা হয়। এতে আওয়ামী লীগের চারজন নেতা-কর্মী নিহত হন। ওই মামলার অভিযোগপত্রভুক্ত ২১৭ জন আসামির মধ্যে ৩৪ জন গতকাল দুপুরে বিচারক সামিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে রোববার একই মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল আনামসহ জামায়াতের আটজন নেতা-কর্মীকে আদালত কারাগারে পাঠান।
জেলা বিএনপির সূত্র জানায়, গতকাল যাঁরা আত্মসমর্পণ করেন তাঁরা হলেন লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সকিম উদ্দিন, সদস্য আবদুল খালেক, আলিমুদ্দিন, সিরাজ উদ্দিন, সূর্যত আলী, আবু সামা তালুকদার, তরিকুল ইসলাম, ফকির উদ্দিন, বদিউজ্জামান, এসাহাক আলী, নায়েব আলী, জিয়াউর রহমান, হারুন উর রশীদ, মোফাজ্জল হোসেন, মো. সাঈদ, আমিনুর রহমান, কাজল, ঈমান মণ্ডল ও ছামেদ আলী মণ্ডল এবং টুপামারী ইউনিয়ন বিএনপির সদস্য মো. ওয়াদুদ, হবিবর রহমান, নাজির আহমেদ, ময়নুল হক, তাইজুল ইসলাম, সোহেল ইসলাম, ইব্রাহিম, আবদুর রউফ, রাজু, শাহ জামাল, সাইদুল ইসলাম, শাহেদ বাদশা, খোকন হোসেন ও আবদুল মতিন।
সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, ২০১৩ সালে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পরদিন জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি এলাকা দিয়ে আসার সময় আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালান।