রাজশাহীতে পুলিশ হত্যা মামলা, রয়েছেন বর্তমান ও সাবেক সিটি মেয়র
বিএনপির ৩৪ নেতা-কর্মী আত্মগোপন থেকে জেলে
রাজশাহীতে গাড়িবোমা হামলা চালিয়ে পুলিশ হত্যা ও বিস্ফোরকদ্রব্য বহনের অভিযোগে করা দুটি মামলায় সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক মেয়র এবং ১৪ কাউন্সিলরসহ বিএনপির ৩৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাঁরা এক মাসেরও বেশি সময় আত্মগোপনে ছিলেন। নেতা-কর্মীদের মধ্যে অন্যতম হলেন সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র ও যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক প্রমুখ।
তাঁদের মধ্যে মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন ও শফিকুল হকসহ ১০ জন গত ২০ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে অন্যরাও পরে জামিন পান। জামিন পাওয়া ৩৬ জনের মধ্যে গত সোমবার ওই ৩৪ জন নিম্ন আদালতে হাজির হন। অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আদালতে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৬ ডিসেম্বর ১৮ দলীয় জোটের মিছিল শেষে পুলিশের গাড়িতে বোমা ছোড়া হয়। এতে পুলিশ সদস্য সিদ্ধার্থ চন্দ্র সরকার নিহত হন। আহত হন আরও আট পুলিশ সদস্য। এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। এজাহারে ৮৫ জনের নাম উল্লেখসহ মোট সাড়ে ৩০০ আসামি করা হয়।
পরদিন ২৭ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত রাজশাহীতে বিএনপির শীর্ষ নেতা-কর্মীরা আত্মগোপনে থাকেন। এ সময় মাঠে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো নেতা ছিলেন না। তখন বিএনপির নেতাদের স্ত্রী ও নারী নেত্রীরা মাঠে ছিলেন। এরপর তাঁরাও মাঠে নামতে পারেননি। মেয়র ও কাউন্সিলররা আত্মগোপনে থাকায় সিটি করপোরেশনের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। মেয়র মোসাদ্দেক হোসেন নথি সই করেন গোপনে। একই মামলার আসামি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীর ১৬ জন কাউন্সিলর। তাঁদের অনুপস্থিতির কারণে স্থায়ী কমিটির প্রায় ২০টি সভা হয়নি। ২০ জানুয়ারি পর্যন্ত আগের মাসের বেতন দেওয়া যায়নি প্রায় দুই হাজার দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে। ব্যাহত হয় সেবামূলক কার্যক্রমও।
টানা এক মাসেরও বেশি সময় পর ২৯ জানুয়ারি বিএনপির নেতারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরে কালো পতাকা মিছিলের চেষ্টা করেন। এর প্রায় এক মাস পর আবার নিম্ন আদালতে জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানো হলো।
প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশনের রাজশাহী শাখার নেতারা এক বিবৃতিতে নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে মামলা দুটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক এ কে কামরুল হক ও সদস্যসচিব তৌফিক আহসানের স্বাক্ষর রয়েছে।