বিএনপির ৩৫ নেতা-কর্মী জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে জামিনে মুক্তির পর বিএনপির ৩৫ জন নেতা-কর্মীকে আবার গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে কারাফটক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিএনপির নেতা-কর্মীদের জামিনের কাগজ ঢাকা থেকে কাশিমপুরের কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ বেলা দুইটার দিকে নেতা-কর্মীদের জামিন দেওয়া হয়। পরে কারাফটক থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন আবু তাহের, বিল্লাল হোসেন, মো. বশিরুল, মেহেদী হাসান, মো. শাহজাহান, তোজাম্মেল হক, মো. কাশেম মজুমদার, আশরাফুল ইসলাম, মুজিবুর রহমান, আবদুল কাদির জিলানী, আজগর আলী, মো. এশাখুল, মো. নাসির উদ্দিন, ইমরুল কায়েস, জিয়াউল হক, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জুলফিকার আলী ভূঁইয়া, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, জুয়েল, ওমর ফারুক প্রমুখ।

গত মার্চ মাসে বিএনপির মহাসমাবেশের দিন ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫৬ জন নেতা-কর্মীর সঙ্গে তাঁরাও গ্রেপ্তার হন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। গত ১ এপ্রিল এই ৩৫ জন নেতা-কর্মীকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর কারাধ্যক্ষ মো. নেছার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।