বিএনপির ৩৬ নেতা-কর্মী অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১১ সালের ১৮ ডিসেম্বর সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে যাত্রী পুড়িয়ে মারার ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় বিএনপির ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঘটনার প্রায় আড়াই বছর পর গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিলেটের দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে মামলার প্রধান দুই আসামি বিএনপির ‘নিখোঁজ’ দুই নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদলের নেতা ইফতেখার আহমদ ওরফে দিনারকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অভিযোগপত্রে নগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ টি এম ফয়েজ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলামসহ বিএনপি ও ছাত্রদলের আরও ৩২ নেতা-কর্মী রয়েছেন।
এদিকে সিলেট মহানগর বিএনপির নেতারা এক বিবৃতিতে বলেছেন, সিলেটের শতবর্ষের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনা চাপা দিয়ে রাখতেই গাড়ি পোড়ানোর মামলার কথিত তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল মহানগর বিএনপির সভাপতি এম এ হক ও সাধারণ সম্পাদক হাজি আবদুল কাইয়ুম জালালী এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন।

বিবৃতিতে ওই দুই নেতা বলেন, আওয়ামী লীগ আজ দেশজুড়ে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে তাদের ক্ষমতা ধরে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। জাতীয় নেতাদের ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করে আসছে; যা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে প্রশ্নবৃদ্ধ। শান্তিপূর্ণ সিলেটকে অশান্ত করার জন্য এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো হয়। সেই ঘটনা চাপা দিতে ঘটনার প্রায় আড়াই বছর পর গাড়ি পোড়ানোর কথিত তদন্ত শেষে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা বলেন, ইলিয়াস ও দিনার দুই বছর ধরে ‘নিখোঁজ’ থাকায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের তথ্যপ্রমাণ মিলেছে, এ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন বলেন, সুষ্ঠু তদন্ত ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই আসামিদের অভিযুক্ত করা হয়েছে।
২০১১ সালের ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল এলাকায় সিলেটগামী ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসের জানালা দিয়ে বের হতে গিয়ে এক যাত্রী দগ্ধ হয়ে মারা যান। প্রথম আলোয় আগুনে পোড়া বাস ও যাত্রীর ছবি ছাপা হলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত যাত্রীর পরিচয় তখন অজ্ঞাত ছিল। ঘটনার এক সপ্তাহ পর নিহত ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন কবি ও গীতিকার কাজী নাসির। তাঁর দ্বিতীয় স্ত্রী জোছনা বেগম এমনটিই দাবি করেছিলেন। জুতা ও অন্যান্য আলামত দেখে তিনি ওই দাবি করেন। জোছনা বেগম আরও দাবি করেছিলেন, কাজী নাসিরের প্রথম স্ত্রীর মেয়ে চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। পরে শাবনূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। শ্রীমঙ্গলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সিলেটে ফেরার পথে কাজী নাসির সেদিন দুর্ঘটনার শিকার হন।