বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া।
৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্বও হুমকির মুখে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। বিএনপি দেশের সব সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনগণের অধিকার আদায়, তাদের দুঃখ-কষ্ট লাঘব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আজ সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। সেখানে দলের নেতাদের নিয়ে ফাতিহা পাঠ করবেন। বেলা তিনটায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে।
এদিকে গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, এদিন দুপুরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে ‘জিসাস’ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির প্যান্ডেল পুলিশ ভেঙে দিয়েছে।