কুমিল্লার মেঘনা উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭ জন জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উপজেলার আটটি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। জামানত হারানো ১৭ জনের মধ্যে বিএনপির চারজনস ও আওয়ামী লীগের একজনও রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, কোনো নির্বাচনী এলাকায় পড়া ভোটের আট ভাগের এক ভাগেরও কম পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এ কারণে ওই ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
মানিকারচর ইউপিতে ৭ হাজার ৫৪০ ভোট পড়েছে। এর মধ্যে মাত্র ৪৬৩ ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ধনু মিয়া। ৩ হাজার ৫৫১ ভোট পেয়ে জিতেছেন দলটির বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদ।
এদিকে ভাওরখোলা ইউপিতে ভোট পড়ে ৬ হাজার ২৭৮ ভোট। বিএনপির প্রার্থী মো. আবদুল মতিন পেয়েছেন ৩৩৮ ভোট। রাধানগর ইউপিতে ভোট পড়ে ৭ হাজার ৭২১টি। বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট। চন্দনপুর ইউপিতে ভোট পড়ে ৫ হাজার ৯২৬টি। বিএনপির প্রার্থী সেলিম সরকার পান ২৫১টি। একইভাবে চালিভাংগা ইউপিতে ভোট পড়ে ৮ হাজার ৮৮৫টি। বিএনপির প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৩০০টি।