বিএনপির ৪৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদলের ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গত বুধবার রাতে মামলা হয়েছে। অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করে।
মতলব দক্ষিণ থানার পুলিশ বলছে, বুধবার বেলা সাড়ে তিনটায় সিঙ্গাপুর প্লাজা এলাকায় পুলিশের অনুমতি না নিয়ে উপজেলা ও পৌর বিএনপি সমাবেশ করে। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ ঘটনায় বুধবার রাত ১০টায় থানার উপপরিদর্শক (এসআই) তপন চন্দ্র দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম, পৌর বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ ৪৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. এমদাদ হোসেন খান বলেন, মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বুধবার বিকেলে তাঁরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। কোনো কারণ ছাড়াই পুলিশ সেখানে গিয়ে নেতা-কর্মীদের লাঠিপেটা করে সমাবেশ পণ্ড করে দেয়। এখন তাঁদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো। গ্রেপ্তার এড়াতে তাঁদের প্রায় সব নেতা-কর্মী এখন এলাকাছাড়া।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, সমাবেশস্থল থেকে আটক হওয়া বিএনপির তিন নেতা-কর্মীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে তোলা হয়। বিচারক তাঁদের কারাগারে পাঠিয়েছেন।