রাজশাহীর বাগমারা উপজেলার খয়রা বিল নিয়ে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ৪৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, আসামিরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দেন এবং বাদীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেন।
খয়রা বিলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৯ অক্টোবর রাতে বিলের দখলদার, স্থানীয় লোকজন ও জেলেদের মধ্যে সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ অক্টোবর বিএনপির কর্মী মোবারক হোসেন বাদী হয়ে দলের স্থানীয় ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বাগমারা থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, তাঁদের রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সঠিকভাবে তদন্ত করার পরেই অভিযোগপত্র দেওয়া হয়েছে।