বিএনপির ৫ জানুয়ারি 'অনুতাপ দিবস' পালন করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস নয়, বরং অনুতাপ দিবস হিসেবে তাদের পালন করা উচিত।
গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। শোভাযাত্রায় বিশৃঙ্খলা ও সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে। শোভাযাত্রার কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। অসংখ্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়।
সমাবেশে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্য দলটি কোনো চ্যালেঞ্জ নয়। তারা গণতন্ত্র উদ্ধারের নামে মানুষ পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছে। পাকিস্তান থেকে আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ এগিয়ে আছে মন্তব্য করে ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘শুধু পরমাণু বোমায় তারা এগিয়ে আছে। আর আমরা তো পরমাণু বোমা-ই চাই না।’ এ সময় তিনি সাম্প্রদায়িক উগ্রবাদের ‘কঠিন চ্যালেঞ্জ’ মোকাবিলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার উপদেশ দেন।
সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা বাহালুল মজনুন, আবদুল মান্নান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত শিকদার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শুরুর আগে অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশের জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধন করেন অতিথিরা। পরে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু করে ছাত্রলীগ। শোভাযাত্রাটি শাহবাগ-মৎস্য ভবন-কাকরাইল-বিজয়নগর মোড় হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার কারণে রাজধানীতে যানজটের কবলে পড়ে মানুষ। শোভাযাত্রার পেছনের দিকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে ছাত্রলীগের দুই পক্ষ হাতাহাতি ও ঢিল ছোড়াছুড়ি করেছে। এ সময় ছবি ধারণ করতে গেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ ছাড়া চারুকলা অনুষদের সামনে পাল্টাপাল্টি ধাওয়া থামাতে গিয়ে সংগঠনটির সাবেক দুই নেতা আঘাতপ্রাপ্ত হন।
সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল আটটা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হয়।