হেফাজতে ইসলামের সহিংস ঘটনায় পুলিশ সদস্য শাহজাহান হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। গত ৮ নভেম্বর মতিঝিল থানার পৃথক দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা ওই মামলায় কারাগারে আটক রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ মামলায় হুকুমের আসামি এবং মদদদাতা হিসেবে পাঁচ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ড চাওয়া হয়। ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান আগামী ৬ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
এর আগে ২৪ ডিসেম্বর বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও হান্নান শাহকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। গতকাল তাঁদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
৫ মে রাতে মতিঝিলে হেফাজতের অবরোধ কর্মসূচি চলাকালে সকাল থেকেই ভাঙচুর, অগ্নিসংযোগ করেন হেফাজতের কর্মীরা। তাঁদের সঙ্গে জামায়াত ও বিএনপির কর্মীরাও যোগ দেন বলে অভিযোগ রয়েছে। এই সহিংস ঘটনায় ৬ মে ভোরে পুলিশ সদস্য শাহজাহান মারা যান। এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা মামলা করা হয়।
একই ঘটনায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। ৬ ডিসেম্বর ভোর সোয়া চারটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সাখাওয়াত ও শাম্মী কারাগারে: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা পৃথক মামলায় বিএনপির নেতা সরদার সাখাওয়াত হোসেন ও শাম্মী আখতারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এই আদেশ দেন। শুনানি শেষে আদালত সাখাওয়াত হোসেনকে আট কার্যদিবস ও শাম্মী আখতারকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
গতকাল রাজধানীর ভাটারা থানার এপ্রিলে দায়ের হওয়া মামলায় সাখাওয়াত হোসেনকে পাঁচ দিন এবং জানুয়ারিতে বনানী থানায় হওয়া মামলায় শাম্মী আখতারকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
গত বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে থেকে শাম্মী আখতার ও সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।