বিএনপির ৫৫ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও নাটোরে পৃথক মামলায় আদালত গতকাল বৃহস্পতিবার বিএনপির ৫৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩২ জন এবং নাটোরের ২৩ জন রয়েছেন।
গত বছরের ৩ মার্চ সন্ধ্যায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মালেক বাদী হয়ে দ্রুত বিচার আইনে বিএনপির ৩১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই মামলায় বিএনপির ৩২ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুস সালেক তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ২৩ ডিসেম্বর নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে আওয়ামী লীগ ও ১৮ দল মিছিল বের করলে সংঘর্ষ হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা নুরুজ্জামান নাটোর থানায় মামলা করেন।
পুলিশ মামলাটি দ্রুত বিচার আইনে রেকর্ড করে তদন্ত শেষে ৪০ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিরা হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামসহ বিএনপির ২৩ নেতা-কর্মী নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহান শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।