বিএনপির ৫৭ নেতা-কর্মীর নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলটির ৫৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পরিদর্শক (তদন্ত) এস এম কাফরুজ্জামান গত বৃহস্পতিবার কুষ্টিয়া (ইবি) আমলি আদালত-২-এর বিচারক লুৎফর রহমানের কাছে এ অভিযোগপত্র দেন। এ বছর গোড়ার দিকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলনের সময় কুষ্টিয়ায় চারটি মামলা হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, ২৭ জানুয়ারি রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অধীন শান্তিডাঙ্গা ১৪ মাইল এলাকায় মহাসড়কে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৩৫-৪০ জন অবরোধকারী ধানবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেন। ট্রাকটির চালকের সহকারী সাইফুল ইসলামের পিঠ আগুনে পুড়ে যায়। ২৮ জানুয়ারি থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলা করেন।
হামলার প্রায় ছয় মাস পরে এ অভিযোগপত্র দিল পুলিশ। অভিযোগপত্রে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনকে ঘটনা সংগঠনের অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, সদর উপজেলার হরিনারায়ণপুর, মনোহরদিয়া ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নামও অভিযোগপত্রে আছে। এ ব্যাপারে সোহরাব উদ্দীন বলেন, মিথ্যা মামলায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দ্রুত এ অভিযোগপত্র দেওয়া হয়েছে।