বিএনপির ৬১ জন নেতা-কর্মীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ৬১ জন নেতা-কর্মী গতকাল সোমবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। ‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে হরতাল চলাকালে বিশ্বনাথে গত ২৩ এপ্রিল সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় তাঁদের আসামি করা হয়।সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই আসামিদের জামিন গতকাল মঞ্জুর হলে কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলার আসামি বিএনপির ১৩০ জন নেতা-কর্মী উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে ১৮ জুলাই উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিরা হাজির হলে ৬১ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।কারাফটকে সংবর্ধনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউপির চেয়ারম্যান তাহিদ মিয়া প্রমুখ।বিএনপির নেতা এম ইলিয়াস আলী ঢাকা থেকে গত ১৭ এপ্রিল ‘নিখোঁজ’ হন। তাঁর সন্ধানের দাবিতে লাগাতার হরতাল চলাকালে ২৩ এপ্রিল বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তিনজন নিহত ও শতাধিক লোক আহত হয়।