রাজধানীর পল্লবীতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির গ্রেপ্তার হওয়া ৭৮ নেতা-কর্মীর মধ্যে ৭৩ জন জামিনে মুক্তি পেয়েছেন। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের গতকাল শনিবার আদালতে হাজির করা হলে আদালত পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্লাহ্ ও মাসুদ উদ্দিন খানসহ ৭৩ জনের সবাইকে আদালত থেকে ছেড়ে দেওয়া হয়।পুলিশের ভারপ্রাপ্ত উপকমিশনার (প্রসিকিউশন) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গতকাল ৭৮ জনকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ঢাকার ২ ওয়ার্ডের কাউন্সিলর আহসান উল্লাহ্ ও মাসুদ উদ্দিন খানসহ ৭৩ জনের জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে জুয়েল, আলমগীর, শাহজাহান, রবিউল করিম ও হানিফ তালকুদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শুক্রবার পল্লবীর চলন্তিকা মোড়ে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭৮ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে মধ্যরাতে স্থানীয় আওয়ামী লীগ ও থানার পুলিশের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়। পল্লবী থানার সূত্র জানিয়েছে, একটি মামলায় ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম অভিযোগ করেন, এজাহারভুক্ত আসামিরা তাঁর কার্যালয় ও তাঁর ভাইয়ের রেন্ট-এ কারের কার্যালয় ভাঙচুর করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলীর করা অন্য মামলায় বলা হয়, এজাহারভুক্ত আসামিরা সরকারি কাজে বাধা দিয়েছেন ও পুলিশের ওপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেছেন। আসামিরা পুলিশের গাড়িও ভাঙচুর করেছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন মামলার কথা স্বীকার করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পল্লবী থানার সামনে গিয়ে দেখা যায়, থানাহাজত থেকে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এ সময় তাঁদের মধ্যে একজন বলেন, ‘আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হাতে আমরা মারও খেলাম, আবার আমাদেরই আসামি করেই মামলা ঠুকে দেওয়া হয়েছে।’