বিএনপির ৯৩ নেতা-কর্মীর মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবির আন্দোলনে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার বিএনপির ৯৩ জন নেতা-কর্মীর মুক্তির দাবি করেছেন সিলেট জেলা ও ১৩ উপজেলা ও পৌর বিএনপির নেতারা। গতকাল সোমবার জেলা, নগর ও ১৩ সাংগঠনিক কমিটির পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। একই দাবিতে মিছিল ও সভা করেছে বিশ্বনাথ উপজেলা বিএনপি।
২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। তাঁকে সরকারই গুম করেছে অভিযোগ করে সন্ধানের দাবিতে ওই বছরের ২৩ এপ্রিল ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে হরতাল পালনকালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিএনপির কর্মীদের। এতে তিনজন নিহত হন।
এ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের আসামি করে পুলিশ দুটি মামলা করে। আসামি সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও এম ইলিয়াস আলীর একান্ত সহকারী ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খানসহ ৯৩ নেতা-কর্মী গত রোববার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বিএনপির নেতা-কর্মীর মুক্তির দাবিতে ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, বালাগঞ্জ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংহতি প্রকাশ করে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ কখনো সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিএনপির জনপ্রিয় নেতাদের নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। পরিকল্পিতভাবে জননেতা এম ইলিয়াস আলীকে একটি বাহিনীর মাধ্যমে অপহরণ করে গুম করে রেখেছে দীর্ঘ ১৬ মাস যাবৎ।
গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিশ্বনাথে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ করে। পরে উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ নূর উদ্দিনের সঞ্চালনায় এক সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা আবদুল আজিজ, ইউনিয়ন বিএনপির নেতা এ টি এম নুর উদ্দিন, হাফিজ আরব খান, জামাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনসার আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমির আলী, আলাল আহমদ ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা শাহ্ নিজাম উদ্দিন।