বিএনপির ৯৭ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারের প্রতীকী ছবি
কারাগারের প্রতীকী ছবি

যশোরে আদালতে হাজির হয়ে বিএনপির ৯৭ নেতা-কর্মী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়ে দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আমিনুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কামাল আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, পুলিশের দায়ের করা বিভিন্ন থানায় নাশকতা পরিকল্পনার মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। এসব মামলায় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী জামিনের মেয়াদ শেষে দুপুরে তাঁরা যশোর জেলা ও দায়রা জজের আদালতে হাজির হয়ে ফের জামিনের জন্য আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক হয়রানির উদ্দেশে পুলিশ বিভিন্ন থানায় নাশকতা পরিকল্পনার সাজানো মামলায় বিএনপির নেতা-কর্মীদের ফাঁসিয়ে দিয়েছে। বিনা অপরাধে গ্রেপ্তার করা এই নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’