বিএনপির ডাকা গত বৃহস্পতিবারের হরতালের আগের দিন রাতে গাজীপুরে দুটি বাস পোড়ানোর ঘটনায় জয়দেবপুর থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ ও বাস দুটির মালিকেরা বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় বিএনপির ৯৭ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।পুলিশ ও মামলা সূত্রে জানা গছে, গত বুধবার রাত সোয়া আটটার দিকে বিএনপি-জামায়াতের ৫০-৬০ জন নেতা-কর্মী শহরের শিববাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় বাসটির মালিক আইয়ুবুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জেলা শহরের রাজবাড়ি মাঠের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দেন। ওই ঘটনায় রাতেই জয়দেবপুর থানার পুলিশ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন।