দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ বৃহস্পতিবার। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে নির্বাচনে কেন্দ্র দখল ও সহিংসতার আশঙ্কা করছেন বিএনপির অন্তত তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী। তবে আওয়ামী লীগের প্রার্থীর আশা, বিএনপির আশঙ্কা অমূলক। নির্বাচন সুষ্ঠু হবে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, নিবাচনে ৮৫৪ জন পুলিশ এবং প্রায় দুই হাজার আনসার-ভিডিপি মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
সন্দ্বীপ উপজেলা নিবাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন বলেন, আজ অনুষ্ঠিত নির্বাচনে সন্দ্বীপে সদস্য প্রার্থীর সংখ্যা ৩৪৪ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ৮৬ জন। ১২টি ইউনিয়নে ভোটার রয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯০৬ জন। কেন্দ্রের সংখ্যা ১২২টি।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ অনুষ্ঠেয় নির্বাচনে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১২টি ইউনিয়নেই বিএনপির একক প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন ১১ ইউনিয়নে। বাউরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের একজন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন।
নির্বাচনে সহিংসতা ও গোলযোগের আশঙ্কা করে সন্দ্বীপের রহমতপুর, মাইটভাঙা ও মগধারা ইউনিয়নের বিএনপির তিন চেয়ারম্যান প্রার্থী স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দিয়েছেন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১২টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের ব্যাপারে অভিযোগ এসেছে। অভিযোগকারী তিনজনই বিএনপির প্রার্থী। তাঁরা হলেন রহমতপুরের হাসানুজ্জামান, মগধারার মোহাম্মদ কাউসার ও মাইটভাঙার জামশেদুর রহমান।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। আর প্রার্থীদের সব অভিযোগ ঠিক না। নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে অনেক অভিযোগ করা হয়।’
রহমতপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুজ্জামান অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ জলদস্যুদের জড়ো করে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। ওরা অস্ত্রের মজুত গড়ে তুলেছে। এ ব্যাপারে সন্ত্রাসীদের তালিকাসহ তিনটি অভিযোগ ইউএনও এবং সংশ্লিষ্ট সবাইকে দিয়েছি। কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না।’
তবে বিএনপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস খান অভিযোগ করেন, ‘সব কটি নির্বাচনে হাসানুজ্জামানের পরিবারের লোকজন ভোট ডাকাতি করে জিতেছেন।’
ইলিয়াস খান সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘হাসানুজ্জামান যা আশঙ্কা করছেন, তা সত্যি নয়। জনগণ এবার কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছি। কেন্দ্র দখল বা সন্ত্রাসী লালন কি আমার কাজ?’
মাইটভাঙা ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী জামসিদুর রহমান বলেন, ‘আমাদের ১ ও ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার জিতে গেছে। সেখানে বিএনপির কেউ প্রার্থী হতে পারেনি। তাই চেয়ারম্যান পদের নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমার যথেষ্ট আশঙ্কা আছে। আওয়ামী লীগ কেন্দ্র দখল করতে পারে। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমি প্রশাসনের কাছে চিঠি দিয়েছি।’
মগধারা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিএনপি প্রার্থী কেন্দ্র দখলের কাল্পনিক অভিযোগ করছেন।’