র্যাব পরিচয় দিয়ে ধরে নেওয়ার পর থেকে ১৩ দিন ধরে ‘নিখোঁজ’ রয়েছেন বিএনপির কুমিল্লার লাকসাম উপজেলা শাখার সভাপতি সাবেক সাংসদ সাইফুল ইসলাম ওরয়ে হিরু ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ। দলীয় নেতা-কর্মী ও পরিবারের আশঙ্কা, আটকের পর দুই নেতাকে ‘গুম’ করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ আনোয়ারুল আজিমের অভিযোগ, সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে র্যাবই তুলে নিয়ে গেছে।
তবে র্যাব ও পুলিশের কেউ এ দুজনকে তুলে নেওয়ার কথা স্বীকার করেনি।
নিখোঁজ নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় বিএনপি বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ দুজন লাকসামে সরকারবিরোধী আন্দোলনের মূল সংগঠক ছিলেন।
দলীয় ও পারিবারিক সূত্রগুলো জানায়, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন গত ২৭ নভেম্বর রাত প্রায় সাড়ে ১০টায় লাকসামের ফেয়ার হেলথ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে কুমিল্লায় যাচ্ছিলেন। পথে কুমিল্লা-নোয়াখালী সড়কের হরিশ্চর এলাকায় অ্যাম্বুলেন্সটি থামায় র্যাবের একটি দল। তারা তিনজনকে তাদের গাড়িতে তুলে অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেয়। এরপর চালক সাদেক আহমেদ অ্যাম্বুলেন্স নিয়ে লাকসামে ফিরে ঘটনাটি বিএনপির নেতাদের জানান। পরে চালক সাদেক প্রথম আলোকেও একই কথা বলেছেন।
আর অ্যাম্বুলেন্সের তিন আরোহীর একজন বিএনপির নেতা জসিম উদ্দিন জানান, র্যাবের সদস্যরা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গিয়ে গাড়ি থামিয়ে তাঁকে নামিয়ে রেখে সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে অন্যত্র নিয়ে যায়। আর র্যাবের আরেকটি দল তাঁকে লাকসাম থানায় হস্তান্তর করে। থানায় হস্তান্তরের পর জসিম উদ্দিন স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বর্তমানে কারাগারে।
ওই রাতে র্যাব লাকসামে সাইফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করে। তাঁদের পরে জসিমের সঙ্গে লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
সাইফুল ইসলামের ছোট বোন সেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘র্যাব তিনজনকে তুলে নিয়ে গেল। একজনকে থানায় ফেরত দিল। তাহলে বাকি দুজন কোথায় গেল? আমার ভাই জীবিত আছেন কি না, প্রশাসনের কাছে জানতে চাই।’
তবে র্যাব-১১-এর কুমিল্লার তৎকালীন অধিনায়ক মো. শাহেদ হাসান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘র্যাবের কাছে বিএনপির দুই নেতাকে আটকের কোনো তথ্য নেই।’