বিএনপির ‘বিদেশি স্বার্থরক্ষার ষড়যন্ত্র’ মন্তব্যের কড়া প্রতিবাদ দূতাবাসের
তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানি কনোকোফিলিপসসহ বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর হরতাল ডেকেছিল জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ -বন্দর রক্ষা জাতীয় কমিটি। প্রধান বিরোধী দল বিএনপি এ হরতালে সমর্থন না করলেও ‘নৈতিক সমর্থন’ দিয়েছিল। দলটি বলেছিল, ‘বিদেশি স্বার্থরক্ষায় সরকারের ষড়যন্ত্র’ তারা প্রতিহত করবে। বিএনপির এই বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।উইকিলিকসের ফাঁস করা তারবার্তা থেকে এ কথা জানা গেছে। হরতালের পরদিন ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে গোপন তারবার্তাটি পাঠান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। এতে বলা হয়, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উন্নয়নের বিরোধী একটি ‘প্রান্তিক গোষ্ঠী’ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ -বন্দর রক্ষা জাতীয় কমিটি হরতাল ডেকেছিল, কিন্তু তেমন কোনো সাড়া পায়নি। দেশের বড় কোনো রাজনৈতিক দল হরতালের সমর্থনে রাস্তায় নামেনি। তবে প্রায় তিন বছরের মধ্যে এটা প্রথম হরতাল। এ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কৌশল হিসেবে শক্তিশালী বিরোধী দল ভবিষ্যতে আবারও হরতালের পথ বেছে নিতে পারে। এতে বলা হয়, তেল-গ্যাস রক্ষা কমিটি ছোট হলেও খুব সোচ্চার সংগঠন।তারবার্তায় বলা হয়, তেল-গ্যাস রক্ষা কমিটির ডাকা হরতালের প্রতি ‘নৈতিক সমর্থন’ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। দেলোয়ার বলেছেন, ‘বিদেশি স্বার্থরক্ষায় সরকারের ষড়যন্ত্র’ প্রতিহত করবে তাঁর দল। তাঁর এ মন্তব্যের জোরালো প্রতিবাদ জানাতে বিএনপির মধ্যে নিজেদের চেনা লোকজনের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস।তারবার্তায় রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, ‘আমরা জোর দিয়ে বলেছি, বাংলাদেশের যখন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ জরুরি প্রয়োজন হয়ে পড়েছে, তখন ওই সম্পদের উন্নয়নের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে ডাকা হরতালে বিএনপির সমর্থন কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। এ ছাড়া বিএনপি যে আবারও হরতালের দিকে ঝুঁকছে, আমরা এর নিন্দা জানিয়েছি।’