চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের সদস্যরা।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় এরই মধ্যে ‘বিদ্রোহী’ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার পরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী কুতুব উদ্দিনের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
আগামীকাল রোববার এ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে এবারও বিএনপির সমর্থন পেয়েছেন এ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। তিনি উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
দলীয় সূত্রগুলো জানায়, মূলত সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের পৃষ্ঠপোষকতায় যুবদল নেতা কুতুব উদ্দিন বিএনপির প্রার্থীর বিপরীতে প্রার্থী হয়েছেন। হুমাম কাদের রাঙ্গুনিয়ায় প্রচারণায় অংশ নিয়ে কুতুবকে তাঁদের পরিবারের ঘনিষ্ঠ বলে ভোটারদের কাছে পরিচয় করিয়ে দেন।
বিদ্রোহী এই প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কারণে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনকে গত সোমবার দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কারের চিঠির অনুলিপি চট্ট্রগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।
তবে দলের কোনো সদস্যপদ না থাকায় হুমাম কাদের চৌধুরীর বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে দলের নেতারা জানিয়েছেন।
হুমাম কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো পার্টিটার্টি করি না। আমার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য। কুতুব উদ্দিনের সঙ্গে আমাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে কারণে আমি তাঁর পক্ষে ভোট চাইতে গিয়েছি।’ তাঁর দাবি, তাঁদের পরিবারের প্রার্থীর পক্ষে কাজ করার কারণে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সম্পাদক মোহাম্মদ মোহসীনকে বহিষ্কার করা হয়েছে। এটা ভুল-বোঝাবুঝির ফল।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া আসনে ১৯৯৬ এবং ২০০১ সালে সালাউদ্দিন কাদের চৌধুরী জয়ী হন। ১৯৯১ সালে সিপিবি এবং ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের হাছান মাহমুদ জয়ী হন। সালাউদ্দিন কাদের চৌধুরীর পৈতৃক বাড়ি পার্শ্ববর্তী উপজেলা রাউজানে হলেও তাঁর পরিবার রাঙ্গুনিয়া এলাকায়ও দীর্ঘদিন দাপট খাটিয়ে আসছেন। আর তা ধরে রাখার জন্য পরিবারটি এবার উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীর পরিবর্তে তাঁদের অনুগত কুতুব উদ্দিনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো বলছে। হুমাম কাদের সরাসরি কুতুব উদ্দিনের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপি-সমর্থিত ভোটাররাও দ্বিধার মধ্যে পড়েছেন।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, উপজেলা নির্বাচনে পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর হয়। রাঙ্গুনিয়ায় আবু আহমেদ হাসনাতকে বিএনপি সমর্থন দিয়েছে। সেখানে ঘনিষ্ঠ ব্যক্তি বা আত্মীয় বলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে সংগঠন সাংগঠনিক ব্যবস্থা নেবে। ইতিমধ্যে উপজেলা সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকেও ‘বিদ্রোহী’ প্রার্থীর ধাক্কা মোকাবিলা করতে হচ্ছে। এখানে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হলেন দলের উত্তর জেলা কমিটির সদস্য মো. আলী শাহ। একই পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন।