বিএনপির 'বিদ্রোহী' প্রার্থীর পক্ষে মাঠে সাকার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের সদস্যরা।
‘বিদ্রোহী’ প্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিনকে ইতিমধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার পরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী কুতুব উদ্দিনের পক্ষে প্রচারণা চালিয়েছেন।
আগামীকাল রোববার এ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে এবারও বিএনপির সমর্থন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। তিনি উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
দলীয় সূত্রগুলো জানায়, মূলত সাকা চৌধুরীর পরিবারের পৃষ্ঠপোষকতায় কুতুব প্রার্থী হয়েছেন। হুমাম কাদের প্রচারণায় অংশ নিয়ে কুতুবকে তাঁদের পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচয় করিয়ে দেন। বিদ্রোহী এই প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কারণে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনকে গত সোমবার দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
হুমাম কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো পার্টিটার্টি করি না। আমার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য। কুতুব উদ্দিনের সঙ্গে আমাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে কারণে আমি তাঁর পক্ষে ভোট চাইতে গিয়েছি।’