বিএনপির 'বিদ্রোহী' প্রার্থীর পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির নেতা আবদুল মান্নান খান ওরফে মনা খাঁর দুই পায়ের রগ (৫০) কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোলেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল মান্নান খান মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক তপতী পোদ্দার বলেন, দুই পায়ের রগ কাটা অবস্থায় আবদুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুল মজিদ জব্বার বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে বিএনপির নেতা আবদুল মান্নান খান ঢাকা থেকে এলাকায় আসেন। তিনি ১৫ মার্চের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রকিব খান বলেন, হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।