বিএনপির 'বিদ্রোহী' প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থক মাহাদী হাসান (৩০) নামের এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
মাহাদীর বাড়ি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। তিনি জামায়াতে ইসলামীর বালিয়াকান্দি উপজেলা শাখার সাবেক আমির মৃত আবদুল বারীর ছেলে ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শওকত হোসেনের সমর্থক। জেলা বিএনপির বহিষ্কৃত নেতা (সাবেক সহসভাপতি) শওকত হোসেন জানান, রাত সাড়ে আটটার দিকে বহরপুর বাজার থেকে মাহাদী হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়া কবরস্থানের কাছে পৌঁছালে বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল হোসেন খানের সমর্থক গোয়ালবাড়ী গ্রামের হাসিবের নেতৃত্বে তিন-চারজন তাঁর ওপর হামলা চালায়।
এ সময় তাঁকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা। এতে তাঁর ডান হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মাহাদীকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত বলেন, ‘কুপিয়ে গুরুতর জখম করার বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’