বিএনপির 'বিশেষ ছাড়' খেলাফত মজলিসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। বিএনপি এখানে চেয়ারম্যান পদে খেলাফত মজলিসের প্রার্থীকে ছাড় দিয়েছে। তবে দলীয়ভাবে প্রার্থী না দিলেও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হেকিম, বর্তমান চেয়ারম্যান ও জামায়াত নেতা সুফি আলম সোহেল, খেলাফত মজলিসের জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. আকিক হোসাইন, জাতীয় পার্টির ইব্রাহিম আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির ও বিএনপি মো. বাবুল মিয়া। এখানে তিনজন দলীয় এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী। আবদুল কাদির ও বাবুল মিয়া বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এখানে দল কোনো প্রার্থী না দেওয়ায় তাঁরা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন। সুফি আলমও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছেন।
দলীয় সূত্র জানায়, বিএনপি এখানে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি—বিষয়টি এমন নয়, এখানে খেলাফত মজলিসকে ‘ছাড়’ দিয়েছে বিএনপি। জোটবদ্ধভাবে নির্বাচন না হলেও আকিক হোসাইন এখানে নিজেকে ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রচার করছেন, গণসংযোগ চালাচ্ছেন। তবে দলীয় প্রতীক না পেলেও গণসংযোগে আছেন বিএনপির আবদুল কাদির ও বাবুল মিয়া।
আকিক হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এখানে আমিই ২০-দলীয় জোটের চেয়ারম্যান পদপ্রার্থী। ছাতকের ১৩টি ইউনিয়নের মধ্যে এটা কেন্দ্র থেকে বিশেষভাবে আমাকে দেওয়া হয়েছে। ২০-দলীয় জোটের সকল নেতা-কর্মী আমার সঙ্গে আছেন।’ আবদুল কাদির বলেন, ‘আমি এলাকার উন্নয়নে বিভিন্নভাবে কাজ করছি। তাই দলের কর্মী ও সমর্থকদের উৎসাহে প্রার্থী হয়েছি। আমি মাঠে কাজ করে যাচ্ছি। বিষয়টি নিয়ে দলীয়ভাবে তেমন কোনো আলোচনা হয়নি। আমি নিজে থেকেই একটা উদ্যোগ নেব।’ বর্তমান চেয়ারম্যান সুফি আলম বলেছেন, ‘শুনেছি এখানে ২০-দলীয় জোটের হিসেবে একজনকে প্রার্থী দেওয়া হয়েছে। আমরা সেদিকে যাইনি। আমি স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করছি। সে অনুযায়ী গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’
সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সাবেক সাংসদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন খেলাফত মজলিসকে ‘ছাড়’ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত এসেছে।’