বিএনপির ‘স্বতন্ত্র’ প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদ চৌধুরীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১ শতাংশ ভোটারের সমর্থনসংবলিত তালিকায় দেওয়া সইয়ে গরমিল পাওয়ার অভিযোগে তাঁদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমেদ। আনোয়ারা-পশ্চিম পটিয়া নিয়ে গঠিত এই আসনে ১৭ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জালাল উদ্দিন আহমেদসহ অন্য প্রার্থীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থী সাইদুজ্জামান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন অন্য তিন প্রার্থীসহ তাঁর মনোনয়নপত্র বাতিল করেছে। এ জন্য তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান। জালাল উদ্দিন আহমেদ ছাড়া আরও বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ও জাপা নেতা তপন চক্রবর্তী, আবদুল আলীম নিজামী ও মিজানুর রহমান। প্রার্থিতা বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে এখন রয়েছেন আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক। জানা গেছে, গতকাল রোববার জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমেদ খানের উপস্থিতিতে প্রার্থিতা বাছাই শুরু হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা ওই চার প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের সমর্থনের সই যাচাই করে অমিল পাওয়া গেছে। এ ছাড়া তালিকায় দেওয়া অনেকের সমর্থন ছিল না বলেও তিনি জানান। সরেজমিনে তদন্ত করে এই অসংগতি পাওয়া যায় বলে তিনি প্রার্থীদের জানান। এ নিয়ে তখন বাছাই কেন্দ্রে হট্টগোল দেখা দেয়। একপর্যায়ে জালাল উদ্দিন আহমেদকে বেলা তিনটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। পরে বিকেলে তাঁকে পাঁচজন ভোটারের নাম উল্লেখ করে বলা হয়, ‘ওই ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি। তাঁরা সই না করার পাশাপাশি সমর্থন ছিল না বলেও জানিয়েছেন। তাই আপনার মনোনয়নপত্র বাতিল করা হলো।’ একই কারণে অপর তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করা হয়। এই আসনে দুই লাখ ৫০ হাজার ৭৭১ জন ভোটার রয়েছেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হলে ১ শতাংশ ভোটারের সমর্থন নিতে হয়। এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর সন্ধ্যায় দক্ষিণ জেলার সহসভাপতি জালাল উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলন করে এ ঘটনাকে অন্যায় বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সাইফুজ্জামান চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ যৌথভাবে কাজটি করেছে। নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যে পাঁচ ভোটারের নাম উল্লেখ করে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, বাছাইয়ের সময় তাঁদের হাজির করা হয়নি। আমি সাড়ে তিন হাজার ভোটারের সইসংবলিত তালিকা জমা দিয়েছি। দরকার ছিল আড়াই হাজার ভোটারের সমর্থন।’ অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমেদ খান বলেন, ‘এখন যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ আনেন তাহলে আমরা কী করতে পারি? আমরা নিরপেক্ষ নির্বাচন করার জন্য বসেছি।’