বিএনপিসহ ১৬ দলের হিসাব দেওয়ার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময়সীমা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।এর ফলে বিএনপিসহ ১৬টি দল হিসাব জমা দেওয়ার জন্য প্রায় দেড় মাস সময় পেল।ছহুল হোসাইন জানান, বিএনপিসহ ১৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কমিশনকে কোনো কিছু অবহিত করেনি। সেজন্য কমিশন দলটিকে খেলাপি হিসেবে চিহ্নিত করেছে। দলটির কাছ থেকে আর কোনো হিসাব নেওয়া হবে না।১৫ সেপ্টেম্বরের মধ্যে যে দলগুলো হিসাব জমা দেওয়ার সুযোগ পাচ্ছে, সেগুলো হলো: বিএনপি, জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বিকল্পধারা বাংলাদেশ, গণফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি।রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে পূর্ববর্তী পঞ্জিকা বছরের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হবে।