বিএনপিসহ ৫ দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৮ ডিসেম্বর থেকে আলোচনা শুরু করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দফায় বিএনপিসহ পাঁচটি দলের কাছে আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে। প্রথম দিনই ডাক পেয়েছে বিএনপি।

গতকাল সোমবার দুপুরের পর বার্তাবাহকের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তর থেকে ওই পাঁচটি দলের কাছে চিঠি পাঠানো হয়। বিএনপি ছাড়া অন্য চারটি দল হচ্ছে জাতীয় পার্টি, জাসদ (ইনু), এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। এই চারটি দলের সঙ্গে আলাদাভাবে ২০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে আলোচনা করবেন রাষ্ট্রপতি। দলগুলোকে অনধিক ১০ জনের প্রতিনিধিদলের নাম পাঠানোর অনুরোধ করা হয়েছে চিঠিতে।

পর্যায়ক্রমে অন্য দলগুলোকেও আলোচনার জন্য ডাকা হবে বলে রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে কবে ডাকা হবে তা জানানো হয়নি। তবে সূত্র বলেছে, শেষের দিকে ডাকা হবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে, সার্চ কমিটি গঠনের মাধ্যমে নাকি সরাসরি কমিশন গঠন করা হবে। আওয়ামী লীগ এবং রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়া বিএনপিসহ একাধিক দলের আটজন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা রাষ্ট্রপতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করেন, দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের ঘোষণা দিতে পারেন। বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছিলেন। তবে গতকাল রাষ্ট্রপতির চিঠি পাওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা জানিয়েছেন, চিঠিতে সার্চ কমিটি গঠনের বিষয়ে কিছু বলা হয়নি।

আমন্ত্রণ পাওয়া দলগুলোর নেতারা বলেছেন, আলোচনার বিষয়বস্তু ঠিক করতে তাঁরা নিজেরা আলোচনায় বসবেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করেন, রাষ্ট্রপতির এই উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংলাপের যাত্রা হতে পারে। সব পক্ষ আন্তরিক হলে সার্চ কমিটি কিংবা নির্বাচন কমিশন গঠনের বিষয়ে পর্দার অন্তরালেও অনেক আলোচনার সুযোগ আসবে। যদি সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হয়, তাহলে সার্চ কমিটির সদস্য কারা হবেন—এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, সার্চ কমিটির সদস্যদের দেখলেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে কোন ধরনের কমিশন গঠন হতে যাচ্ছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর মতামত কতটা গুরুত্ব দেওয়া হবে, তা সার্চ কমিটি গঠন থেকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৪০টি। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে।

বিএনপির সূত্র বলেছে, বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর এক অনুষ্ঠানে খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন, তার ওপর আলোচনা করবে বিএনপি। তবে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের বিষয়ে আলোচনা তুললে তাঁরা কয়েকজন সাবেক বিচারপতি ও শিক্ষাবিদের নাম পরামর্শ করতে পারেন।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপতি সময় দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। আমরা আশা করছি, রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন, এর মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে।’ সার্চ কমিটি না নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের ১৩ দফা প্রস্তাবে সবই আছে। এই প্রস্তাব নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে তাঁরা আলোচনা করবেন। এর আগে দলীয় ফোরামে বৈঠক করে কৌশল ঠিক করা হবে। সার্চ কমিটি গঠন বা নির্বাচন কমিশনার কারা হবেন, এমন লোকদের কোনো তালিকা দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার আগে আমরা নাম নিয়ে কোনো কথা বলতে চাই না।’

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ২০১৯ সালে। ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন।

আওয়ামী লীগের সূত্র বলছে, রাষ্ট্রপতির ডাকে গিয়ে তাঁরা আনুষ্ঠানিক বা লিখিতভাবে কারও নাম বলবেন না। বরং আলোচনার সময় সংবিধানে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাবে দলটি। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন দায়িত্বশীল নেতা বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য ডাকার বিষয়টি অনেকটাই আনুষ্ঠানিকতা। আওয়ামী লীগ অনানুষ্ঠানিকভাবে তাদের বার্তা রাষ্ট্রপতিকে দেবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় বিএনপি, ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাসদকে (ইনু) ডাকা হয়েছে। বাকি নিবন্ধিত দলগুলোকে পর্যায়ক্রমে ডাকা হবে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরও রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানান। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব রাষ্ট্রপতির। তবে কমিশন গঠনের বিষয়ে কোনো আইন বা নীতিমালা নেই। তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে তাঁরা তাঁদের প্রচেষ্টা তুলে ধরবেন। লিখিত প্রস্তাব দেওয়া যায় কি না, সেটা নিয়ে দলেও আলোচনা করবেন।